শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন

অপারেশনের পাশাপাশি রোগীদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ ও চশমা

টুইট ডেস্ক: চোখে ছানি পড়া রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ চিকিৎসা কার্যক্রমে ছানি অপারেশনের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান।

আয়োজকেরা জানান, আর্থিকভাবে অসচ্ছল ও ছানি সমস্যায় ভোগা মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। অপারেশনের আগে রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

শিবিরে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হচ্ছে। এর ফলে ব্যয়বহুল চোখের চিকিৎসা করাতে অক্ষম রোগীরা স্বল্প সময়ে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।