সহিংসতায় জড়িতদের ধরতে রাজধানীতে শিগগিরই ডিএমপির চিরুনি অভিযান

সহিংসতায় জড়িতদের ধরতে রাজধানীতে শিগগিরই ডিএমপির চিরুনি অভিযানগোপালগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে ঢাকায় পালিয়ে আসা নেতাকর্মীদের সম্ভাব্য আস্তানায় নজরদারি বৃদ্ধি।

টুইট ডেস্ক: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই রাজধানীতে চিরুনি অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঢাকায় আশ্রয় নেওয়া এসব ব্যক্তির সম্ভাব্য আস্তানাগুলোতে ইতিমধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় আত্মগোপনে থাকা ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিয়াজ মেহেদী বলেন, “ইতিমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঢাকায় আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন, তাদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে।”

নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে পুলিশের টহল ও তল্লাশি চৌকি (চেকপোস্ট) বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, নাশকতার উদ্দেশ্যে কেউ বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই চেকপোস্ট স্থাপনের মূল লক্ষ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে (কেপিআই) ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাঠপর্যায়ে পোশাকে, সাদা পোশাকে এবং সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় মোট ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এসব ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। অভিযানকালে ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে নাশকতাসহ একাধিক মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।