রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

নেত্রকোণায় রাতে পেট্রল ঢেলে আগুন, ঘুমিয়ে ছিলেন মা-বাবা; প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা।
টুইট প্রতিবেদক: জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলেও প্রতিবেশীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন রাফির মা-বাবা।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাফির মা-বাবা।
রাফির ভাষ্য অনুযায়ী, পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রাণে রক্ষা পান বাড়িতে থাকা তাঁর মা-বাবা।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করেছেন রাফি। তাঁর অভিযোগ, মা-বাবাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যাতে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টেও ঘটনার বিবরণ তুলে ধরেন রাফি। সেখানে তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে তাঁর গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। পরিবারের সদস্যদের জেগে ওঠা এবং প্রতিবেশীদের তৎপরতায় তাঁর মা-বাবা প্রাণে বেঁচে যান।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসায় আগুন ছড়িয়ে দিতে পারেনি দুর্বৃত্তরা। এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে একটি পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় বসতবাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।






