সরকার সহিংসতা রোধে ব্যর্থ, দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামার ডাক

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের

টুইট ডেস্ক: সহিংসতা রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরুত্থান রোধে দেশের সব রাজনৈতিক দলকে অবিলম্বে রাজপথে নেমে আসার ডাক দিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সরকারের কঠোর সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সহিংসতার বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যাতে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশের সব রাজনৈতিক দলকে মাঠে নামতে হবে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি আরও অভিযোগ করেন, “গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন কায়েমের চেষ্টার ফলেই আজ দেশে রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। বর্তমান সরকারের ওপর ফ্যাসিবাদবিরোধী জনতার আর কোনো আস্থা অবশিষ্ট নেই।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের চলমান আন্দোলন কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই সরকার কৌশলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে মাঠে সুযোগ করে দিচ্ছে।” সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী আমলাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলন থেকে দেশব্যাপী তীব্র ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন জামায়াত সেক্রেটারি জেনারেল। তিনি জানান, আগামী ২১ নভেম্বর রাজধানীতে একটি বিশাল ফ্যাসিবাদবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এছাড়া আগামী ডিসেম্বর মাসজুড়ে সারা দেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।