অন্যের ওপর নির্ভরতা নয়, নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট বানাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হওয়ার লক্ষ্য; তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়া মানেই দেশকে পিছিয়ে রাখা উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে। প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে। প্রচলিত চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি যেন প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে না যায়, সে বিষয়ে সরকার সহযোগিতা করবে। নতুন ধারণা ও উদ্ভাবনকে বাস্তবে রূপ দিতে প্রয়োজনীয় সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এভিয়েশন খাতের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, বিমান চলাচল ও মহাকাশ গবেষণায় দেশীয় সক্ষমতা বাড়াতে তরুণদের সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি এবং নতুন উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করবে।
প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মের মধ্যে বিমান চলাচল, মহাকাশ গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবনে আগ্রহ বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।







