প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি ভাইরাল

 

ঠকাদারি প্রতিষ্ঠানের প্যাডে পাঠানো চিঠি ঘিরে পিরোজপুরে আলোচনা

টুইট ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের পাঠানো একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লেখা ওই চিঠিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরাজুল ইসলাম।

চিঠিতে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, নির্বাচনী ইশতেহার এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের প্রশংসা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্ব দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে বলেও উল্লেখ করেন।

জানা গেছে, গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়। তবে সেটি কোনো রাজনৈতিক দলের প্যাডে নয়, ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিসিয়াল প্যাডে লেখা হয়েছিল। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মিরাজুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিঠিতে মূলত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পিরোজপুরে চলমান কয়েকটি ঠিকাদারি প্রকল্পের বাস্তবায়ন মেয়াদ আরও এক বছর বাড়ানোর অনুরোধ জানানো হয়েছিল।

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় উপজেলা পর্যায়ের এক নেতার এমন চিঠি প্রকাশ্যে আসা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

চিঠির একাংশে লেখা হয়, “দুই-তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে সরকার গঠন করায় প্রাণঢালা অভিনন্দন জানাই। আপনার নেতৃত্বে দেশের জনগণের মধ্যে সীমাহীন আশার সঞ্চার হয়েছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে মো. মিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।