ডেঙ্গু মোকাবিলায় বড় সিদ্ধান্ত: টেস্টে ৮০% ছাড়, চিকিৎসকের ফি মওকুফ

বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড়। বেসরকারি হাসপাতালে ১০% বেড ডেঙ্গু রোগীর জন্য সংরক্ষণ, অপ্রয়োজনীয় ওষুধে কড়াকড়ি নির্দেশ।
নিজস্ব প্রতিবেদক: মশাবাহিত রোগ ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণ মওকুফ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক’ এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি ল্যাব, বেসরকারি হাসপাতাল এবং সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।
সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুর সময় চিকিৎসা সংকট এড়াতে দেশের সব বেসরকারি হাসপাতালে মোট শয্যার কমপক্ষে ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার খরচ সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে টেস্ট ফিতে সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় দিতে হবে।
তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে চিকিৎসকেরা কোনো ধরনের পরামর্শ ফি নিতে পারবেন না। রোগীদের শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য ব্যয় বহন করতে হবে।
চিকিৎসা ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে স্বাস্থ্যমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে নির্ধারিত গাইডলাইনের বাইরে কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না। এতে রোগীর ঝুঁকি বাড়তে পারে।
এ সময় তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিকভাবে ডেঙ্গুর কোনো ভ্যাকসিন এখনো সার্বজনীন স্বীকৃতি পায়নি। তাই বাংলাদেশে এখনই ডেঙ্গু ভ্যাকসিন কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা নেই।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক বিভিন্ন সংক্রামক রোগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এবার আগেভাগেই ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় জোর দিয়েছে। নির্দেশনাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে সাধারণ মানুষের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।






