মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী

ফ্লোরিডা সফরের প্রস্তাব নাকচ, ডোবার পাশে বসেই সমাধান খোঁজার পরামর্শ
টুইট ডেস্ক: মশক নিধনের কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে পাঠানো সারসংক্ষেপে সম্মতি দেননি তিনি।
সরকারি সূত্র জানায়, বিদেশি প্রতিষ্ঠান ‘ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি’-এর অর্থায়নে মশক নিয়ন্ত্রণ ও নিধনের উদ্ভাবনী পদ্ধতি পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, মশা নিধনের কৌশল শেখার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর সমাধান খুঁজে বের করা সম্ভব।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়, “মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশা নিয়ন্ত্রণের অনেক বাস্তবসম্মত ও উদ্ভাবনী পদ্ধতি বের হয়ে আসবে।
সরকারি পর্যায়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে বিদেশ সফরনির্ভর প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও স্থানীয় সমাধানকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন ২০২১ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন। পরে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে নির্বাচনী ট্রাইব্যুনাল আওয়ামী লীগ মনোনীত মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্বাচন বাতিল করে শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে। একই বছরের ৩ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন।






