শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে ঢাকার ১৬ স্থানে খাবার-কাপড় বিতরণ কর্মসূচি

উদ্বোধন করলেন তারেক রহমান
টুইট ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকার ১৬টি স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও কাপড় বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধি জিয়ারত শেষে টিএনটি মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
পরে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে দুস্থ মানুষের মধ্যে খাবার ও কাপড় বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, আয়ুর্বেদিক কলেজসংলগ্ন স্থান, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড বাসস্টপ ও ফুজি ট্রেড সেন্টারের সামনে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এরপর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দক্ষিণের কর্মসূচির মধ্যে ছিল জোড়পুকুর খেলার মাঠ, মির্জা আব্বাসের বাসভবনের সামনে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা, বাংলাবাজার, ধোলাইখাল লিংক রোড, যাত্রাবাড়ী চৌরাস্তা, জুরাইন রেলগেট ও ধানমন্ডি ৫/এ বাসস্ট্যান্ডসহ একাধিক স্থান।
এ সময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, জাসাস ও জিয়া মঞ্চের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, গণখাদ্য বিতরণ ও স্মরণসভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।






