নির্ধারিত সময়ের আগেই রাসিকের কোরবানির বর্জ্য অপসারণ

ঈদের দিনেই নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রাজশাহী

টুইট ডেস্ক: রাজশাহী মহানগরীতে পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। ঈদের দিন ঘোষিত সময়ের আগেই নগরীকে পরিচ্ছন্ন করার লক্ষ্য বাস্তবায়নে মাঠে নামে সংশ্লিষ্ট প্রশাসন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন ঈদের দিনেই ঘোষণা দেন, ছয় থেকে আট ঘণ্টার মধ্যে নগরী পরিচ্ছন্ন করা হবে। নির্ধারিত সময়ের আগেই সেই লক্ষ্য পূরণ হওয়ায় নগরবাসীর মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

জানা যায়, ঈদের দিন দুপুর ১২টা থেকে ৩০টি ওয়ার্ডে একযোগে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ও বিকেলের বিভিন্ন সময়ে বুলনপুর এসটিএস, রুয়েট সংলগ্ন এসটিএস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার এসটিএসসহ বিভিন্ন স্থানে কার্যক্রম পরিদর্শন করেন প্রশাসক।

প্রায় এক হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মীর অংশগ্রহণে পুরো শহরজুড়ে দ্রুতগতিতে বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়। পাশাপাশি দুর্গন্ধ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সুরক্ষায় ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হয়।

বিকেল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানের মাধ্যমে এসটিএসগুলোতে স্থানান্তর করা হয়। পরে রাতের মধ্যেই সেগুলো চূড়ান্ত ভাগাড়ে পাঠানো হয়, ফলে ঈদের পরদিন সকালেই নগরী কার্যত পরিচ্ছন্ন হয়ে ওঠে।

এ বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের সহযোগিতা ও পরিচ্ছন্নকর্মীদের নিরলস পরিশ্রমেই নির্ধারিত সময়ের আগেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি নাগরিক সেবা উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারাও দ্রুত বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রশংসা করেছেন। তারা বলেন, ঈদের দিনে এমন দ্রুত পরিচ্ছন্নতা উদ্যোগ নগর জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে এবং পরিবেশকে করেছে স্বাস্থ্যসম্মত।