হলিউডে দিশার নতুন অধ্যায়

‘দ্য পোর্টাল অব ফোর্স’-এ কেন্দ্রীয় চরিত্রে বলিউড তারকা। অতিপ্রাকৃত অ্যাকশন সিনেমায় ‘জেসিকা’ চরিত্রে নতুন চমক
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি এবার আনুষ্ঠানিকভাবে হলিউডে অভিষেক করলেন। শুক্রবার প্রকাশিত হয়েছে তাঁর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র দি প্রোটাল ফোর্স–এর ট্রেলার, যেখানে অতিপ্রাকৃত কাহিনি ও অ্যাকশননির্ভর গল্পে তিনি গুরুত্বপূর্ণ ‘জেসিকা’ চরিত্রে অভিনয় করেছেন।
চলচ্চিত্রটির কাহিনিতে জেসিকাকে কেন্দ্র করে দুই প্রাচীন শক্তিশালী গোষ্ঠীর দীর্ঘদিনের সংঘাত আবর্তিত হয়েছে। উভয় পক্ষের শীর্ষ নেতাদের সন্তান হিসেবে জন্ম নেওয়া জেসিকাকে ভবিষ্যৎ নির্ধারণকারী ‘নির্বাচিত ব্যক্তি’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ট্রেলারে রহস্য, যুদ্ধ এবং মানসিক দ্বন্দ্বের সমন্বয়ে দিশার উপস্থিতি ইতোমধ্যে দর্শকদের দৃষ্টি কাড়তে শুরু করেছে।
এই সিনেমায় দিশার সঙ্গে অভিনয় করেছেন কেভিন স্পেসি, টাইরেস গিবসন এবং ডলফ লান্ডগ্রেন। বিশেষভাবে আলোচনায় এসেছে, প্রায় দুই দশক পর এই ছবির মাধ্যমে আবারও পরিচালনায় ফিরেছেন কেভিন স্পেসি।
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে কাজের অভিজ্ঞতা নিয়ে দিশা পাটানি বলেন, বিশ্বমঞ্চে কাজের সুযোগ যেমন রোমাঞ্চকর, তেমনি চ্যালেঞ্জও ছিল। বিভিন্ন দেশের অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা অর্জনের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় সবসময়ই তাঁর পছন্দের জায়গা। ভারতীয় চলচ্চিত্রে অর্জিত অভিজ্ঞতাকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করতে পেরে তিনি নিজেকে আরও আত্মবিশ্বাসী মনে করছেন।
বিশ্লেষকদের মতে, বলিউডের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রে দিশার এই পদার্পণ ভারতীয় অভিনয়শিল্পীদের বৈশ্বিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে নতুন সুযোগের দুয়ার উন্মোচন করবে।






