কবিগুরুকে ঘিরে শিশুদের বর্ণিল আয়োজন

রবীন্দ্রজয়ন্তীতে গান, আবৃত্তি ও নৃত্যে মুখর কিডস টিউটোরিয়াল ক্যাম্পাস
রাজধানীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান কিডস টিউটোরিয়াল। শনিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি দুই ধাপে সাজানো হয়। প্রথম পর্বে অংশ নেয় প্লে থেকে কেজি-২ শ্রেণির শিক্ষার্থীরা। দ্বিতীয় পর্বে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।
সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সমবেত রবীন্দ্রসংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি বিশেষ ফ্যাশন শোর মাধ্যমে বাংলার ষড়ঋতুর বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরা হয়। রঙিন পোশাক, ঋতুভিত্তিক সাজসজ্জা এবং সাংস্কৃতিক আবহ অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক অভিভাবকও উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি, সাহিত্যচর্চা ও রবীন্দ্রভাবনা ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাদের মতে, প্রযুক্তিনির্ভর সময়েও শিশুদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। আর সেই ভাবনা থেকেই প্রতিবছর রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে নানা আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।






