ওটিটিতে নতুন ঝড়

বাংলা থেকে হলিউড,এ সপ্তাহে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় সিনেমা ও সিরিজ।

টুইট প্রতিবেদক: ডিজিটাল বিনোদনের দুনিয়ায় প্রতি সপ্তাহেই যোগ হচ্ছে নতুন নতুন গল্প। চলতি সপ্তাহেও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বাংলা, মালয়ালম, ইংরেজি ও তুর্কি ভাষার একাধিক সিনেমা ও ওয়েব সিরিজ। সম্পর্কের টানাপোড়েন, যুদ্ধের বিভীষিকা, বন্ধুত্বের সংগ্রাম কিংবা আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি,সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।

বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ৭ মে মুক্তি পেয়েছে বাংলা ফ্ল্যাশ ফিকশন ‘পথের প্যাঁচাল’। ইয়াশ রোহান ও বহ্নি হাসান অভিনীত এই গল্পে উঠে এসেছে এক অটোরিকশাচালক ও এক নবীন লেখকের ভিন্নধর্মী জীবনসংগ্রাম। জীবনের বাস্তবতা ও স্বপ্নের সংঘাতে এগিয়ে যায় কাহিনি।

একই দিনে আইস্ক্রিনে এসেছে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। আহমেদ রুবেল, ভাবনা, দীপক সুমন ও জ্যোতিকা জ্যোতির অভিনয়ে নির্মিত ছবিটি ১৯৭১ সালের উত্তাল সময়কে কেন্দ্র করে তৈরি।

পাকিস্তানি বাহিনীর দখলদারিত্বে একটি ছোট জনপদের ভয়াবহ বাস্তবতা এতে ফুটে উঠেছে।

মালয়ালম সিনেমাপ্রেমীদের জন্য ৮ মে জিওহটস্টারে মুক্তি পেয়েছে ‘ভাযা ২’। চার কলেজপড়ুয়া বন্ধুর সংগ্রাম, ব্যর্থতা ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় সমাজের অবহেলিত তরুণদের বাস্তবতা তুলে ধরা হয়েছে।

অ্যাকশন ও থ্রিলারপ্রেমীদের জন্য প্রাইম ভিডিওতে ৬ মে থেকে স্ট্রিমিং শুরু হয়েছে বহুল আলোচিত সিরিজ ‘সিটাডেল’–এর দ্বিতীয় মৌসুম। প্রিয়াঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত এই সিরিজে আন্তর্জাতিক অপরাধচক্রের বিরুদ্ধে নতুন অভিযানে নামতে দেখা যাবে গুপ্তচরদের।

অন্যদিকে, সম্পর্ক ও আত্মঅন্বেষণের গল্প নিয়ে নেটফ্লিক্সে ৮ মে মুক্তি পেয়েছে তুর্কি সিরিজ ‘থ্যাংক ইউ, নেক্সট’–এর তৃতীয় মৌসুম।

দ্বিতীয় মৌসুমের নাটকীয় ঘটনার পর নতুন জীবনের সন্ধানে লেয়লার যাত্রা এবারও দর্শকদের আবেগে ভাসাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ওটিটি বাজারে এখন স্থানীয় গল্পের পাশাপাশি আন্তর্জাতিক কনটেন্টের চাহিদাও সমানতালে বাড়ছে। ফলে দর্শকরা একই সপ্তাহে

মুক্তিযুদ্ধভিত্তিক বাংলা সিনেমা থেকে শুরু করে হলিউডি গুপ্তচর সিরিজ,সবই উপভোগ করার সুযোগ পাচ্ছেন।