লাঠিখেলার গল্পে ‘সর্দারবাড়ির খেলা’, হলিউড ঝড়ে আসছে ‘মর্টাল কম্ব্যাট ২’

দেশীয় ঐতিহ্যের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে নতুন সিনেমা, একই দিনে সিনেপ্লেক্সে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত হলিউডি অ্যাকশন।

টুইট প্রতিবেদক: ঢাকার প্রেক্ষাগৃহে এ সপ্তাহে একসঙ্গে মুক্তি পাচ্ছে দুই ভিন্ন ধারার সিনেমা,বাংলার লোকজ ঐতিহ্যভিত্তিক ‘সর্দারবাড়ির খেলা’ এবং আন্তর্জাতিকভাবে আলোচিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মর্টাল কম্ব্যাট ২’। দেশীয় দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে বৈচিত্র্যময় এক চলচ্চিত্র সপ্তাহ।

সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’ পরিচালনা করেছেন নবীন নির্মাতা রাখাল সবুজ। বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও লাঠিয়ালদের সংগ্রামী জীবনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

যদিও সিনেমাটির প্রচারণায় দেখা যায়নি প্রধান দুই অভিনয়শিল্পীকে। এ বিষয়ে রোশান জানিয়েছেন, তিনি এখনো পুরো পারিশ্রমিক পাননি এবং মুক্তি পরিকল্পন নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করা হয়নি।

তবে সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে বুবলী দীর্ঘদিন ধরেই আড়ালে রয়েছেন। চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন রয়েছে, ব্যক্তিগত কারণেই আপাতত নিজেকে কাজ থেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, লোকজ ঐতিহ্যভিত্তিক গল্প নিয়ে সাম্প্রতিক সময়ে দেশে খুব কম সিনেমা নির্মিত হয়েছে। সে জায়গা থেকে ‘সর্দারবাড়ির খেলা’ নতুন প্রজন্মকে গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে।

একই দিনে দেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে হলিউডের বহুল আলোচিত ‘মর্টাল কম্ব্যাট ২’।

জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত এই সিরিজের নতুন কিস্তিতে আবারও দেখা যাবে পৃথিবী রক্ষার ভয়ংকর লড়াই। নির্মাতা সাইমন ম্যাকোয়েড পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস ট্যান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, জেসিকা ম্যাকনামি ও লুডি লিনসহ আরও অনেকে।

চলচ্চিত্রটির কাহিনিতে এবার চূড়ান্ত সংঘর্ষে নামবে পৃথিবীর যোদ্ধারা। ভয়ংকর শাসক শাও কানের বিরুদ্ধে জীবন মৃত্যুর লড়াইয়ে যোগ দেবে নতুন চরিত্র জনি কেজও। নির্মাতারা বলছেন, আগের কিস্তির তুলনায় এবার অ্যাকশন, ভিজ্যুয়াল ও আবেগ,সব ক্ষেত্রেই বড় পরিসরে হাজির হচ্ছে সিনেমাটি।

দেশীয় চলচ্চিত্রের আবেগ আর হলিউডি অ্যাকশনের উত্তাপ দুই মিলিয়ে দেশের প্রেক্ষাগৃহে দর্শকদের জন্য জমজমাট এক সপ্তাহের আভাস মিলছে।