পারলে আমাকে বরখাস্ত করুক: মমতা

নির্বাচন নিয়ে বিস্ফোরক মমতা, পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।
টুইট ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সংকট। নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দৃঢ় অবস্থান জানিয়ে তিনি বলেছেন, “আমি পদত্যাগ করব না, পারলে আমাকে বরখাস্ত করুক।”
বুধবার দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, নির্বাচনে গুরুতর অনিয়ম হয়েছে এবং পরিকল্পিতভাবে তার দলকে হারানো হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন “নোংরা খেলা” খেলেছে এবং পশ্চিমবঙ্গেও বিজেপিবিরোধী জোটকে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে।
৭১ বছর বয়সী এই নেত্রী বলেন, তিনি চান এই দিনটি ভারতের গণতন্ত্রের জন্য “কালো দিন” হিসেবে স্মরণীয় হয়ে থাকুক।
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, গত ২৯ এপ্রিল থেকে রাজ্যে যে নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ উঠেছে, তা নিয়ে আদালতের দ্বারস্থ হবে তার দল। একই সঙ্গে দলীয় নেতাদের প্রকাশ্যে দলের বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে একটি বিশেষ কমিটিও গঠন করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি বিধানসভার অধিবেশনের প্রথম দিনে প্রতিবাদের প্রতীক হিসেবে দলীয় বিধায়ক ও নেতাদের কালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন মমতা।
অন্যদিকে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে ব্যাপক রাজনৈতিক সহিংসতার অভিযোগ অস্বীকার করেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার আলোচনায় থাকা এই নেতা দাবি করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ২০২১ সালের তুলনায় সহিংসতা অনেক কম।
তিনি আরও বলেন, “রাজ্যে কোনো ধরনের গুন্ডামি বরদাস্ত করা হবে না। বিজেপি সরকার গঠন করলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, সহিংসতার অভিযোগ এবং ক্ষমতা হস্তান্তর ইস্যুতে তৈরি হওয়া এই পরিস্থিতি দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: এনডিটিভি






