তিন পার্বত্য জেলায় ছয় দিনের সফরে মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ২৩ থেকে ২৮ নভেম্বর সরকারি, ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি

বান্দরবান থেকে অসীম রায় (অশ্বিনী): পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ছয় দিনের সরকারি সফরে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। ২৩ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সফরে তিনি বিভিন্ন সরকারি, সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখা থেকে ২৩ নভেম্বর জারি করা সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকে ঘিরে তিন পার্বত্য জেলায় স্থানীয়দের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। সফরে প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, উন্নয়ন বোর্ড এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন মন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, ২৩ নভেম্বর রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল ৩টা ৫০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে বিমানে যাত্রা করে বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। পরে সড়কপথে বান্দরবান যাত্রা করে সন্ধ্যা ৭টায় বান্দরবান সার্কিট হাউসে উপস্থিত হবেন।

২৪ নভেম্বর মঙ্গলবার সকালে বান্দরবানের কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নেবেন মন্ত্রী। পরে নিজ বাসভবনে অবস্থান শেষে দুপুরে রোয়াংছড়ির উদ্দেশে যাত্রা করবেন। সেখানে একটি বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিয়ে বিকেলে বান্দরবান শহরে ফিরে নিজ বাসভবনে অবস্থান করবেন।

২৫ নভেম্বর বুধবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলার উদ্দেশে যাত্রা করবেন তিনি। সেখানে চিনময় বৌদ্ধ বিহার ঘাটে উপস্থিতি ও ঘাট এলাকা পরিদর্শন শেষে রাঙামাটি সার্কিট হাউসে যাবেন। বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হবেন। বিকেলে খাগড়াছড়িতে পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

২৭ নভেম্বর শুক্রবার খাগড়াছড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকালে বিশ্ব শান্তি বুদ্ধ ধাতু বোধিসত্ত্বের প্রথম ধাপের ‘ছাদ তলাই’ ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলায় নবনির্মিত ‘ইংলিশ টাউল স্কুল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর পানছড়ি উপজেলার উল্টাছড়ি মাতৃশালয়ের উদ্দেশে যাত্রা করবেন।

এদিন বিকেলে ভাইবোনছড়া মধ্যম প্রতিপদা অরণ্য কুটির বৌদ্ধ বিহার পরিদর্শন, মায়াবিনী লেক পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে খাগড়াছড়ি সদর উপজেলার একটি বৌদ্ধ বিহার পরিদর্শন এবং ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। রাতে খাগড়াছড়ি সার্কিট হাউসে অবস্থান করবেন।

২৮ নভেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী। পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সঙ্গে মতবিনিময় সভা শেষে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম হয়ে সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।

সাচিং প্রু জেরীর এই সফরে তিন পার্বত্য জেলার প্রশাসনিক সমন্বয়, স্থানীয় উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক কার্যক্রম এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

পাহাড়ের মানুষের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। জাতি, ধর্ম ও দলমত নির্বিশেষে পার্বত্য অঞ্চলের মানুষের ঐক্য ও সহযোগিতার মধ্য দিয়ে পাহাড়ের সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশাও রয়েছে স্থানীয়দের।