বৈশাখী রঙে মোহময় মিম

শাড়ি-চুড়ির ঐতিহ্যবাহী সাজে নতুন বছরের শুভেচ্ছা, সামাজিক মাধ্যমে প্রশংসার ঢল।

টুইট ডেস্ক: বাংলা নববর্ষকে ঘিরে তারকাদের সাজ, পোশাকে যখন উৎসবের আমেজ, তখন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তার ভক্তদের জন্য হাজির হয়েছেন এক অনন্য বৈশাখী আবহ নিয়ে।

শাড়ি, রঙিন চুড়ি আর ঐতিহ্যবাহী অলংকারে নিজেকে সাজিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন মিম।

সেখানে দেখা যায়, হালকা গোলাপি আভাযুক্ত শাড়ির সঙ্গে গাঢ় রঙের ব্লাউজে ধরা দিয়েছেন তিনি।

পাড়ের লাল আভা ও হাতে রঙিন চুড়ির সমন্বয়ে তার সাজে ফুটে উঠেছে বাঙালির চিরায়ত বৈশাখী রূপ।

ছবিগুলোর ক্যাপশনে মিম লিখেছেন, ‘শুভ নববর্ষ’ নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’ সংক্ষিপ্ত এই বার্তায় নতুন বছরকে ঘিরে আশাবাদ ও ইতিবাচকতার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তার সাজে ছিল খোলা চুল, কপালে ছোট লাল টিপ এবং সোনালি গয়নার ব্যবহার,যা মিলিয়ে তৈরি হয়েছে এক নিখুঁত বাঙালি নারীর ঐতিহ্যবাহী লুক।

তার এই উপস্থাপনা ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে দ্রুতই।কমেন্ট বক্সে নেটিজেনরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

কেউ লিখেছেন, “এসো হে বৈশাখ” আবার কেউ জানিয়েছেন নতুন বছরের শুভকামনা। অনেকেই মিমের সৌন্দর্য ও রুচিশীল উপস্থাপনার প্রশংসা করেছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা মিম।

এরপর চলচ্চিত্র, ওয়েব ধারাবাহিক ও বিজ্ঞাপনে ধারাবাহিক কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের শীর্ষ অভিনেত্রীদের একজন হিসেবে।