যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান, দাবি ইসরায়েলি গণমাধ্যমের

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান এমন দাবি করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সংলাপটি স্থগিত করা হয়েছে।

ইসরায়েলি একটি গণমাধ্যমের বরাত দিয়ে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে চায় ইরান। এ বিষয়ে লেবাননের কর্মকর্তারাও সংলাপে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বলে দাবি করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে শুক্রবার ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ছিল।

এর আগে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছিলেন, ইরানি প্রতিনিধিরা ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। তবে পরে সেই পোস্ট মুছে ফেলা হয় এবং তাদের উপস্থিতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে মার্কিন প্রতিনিধিদের উপস্থিতির বিষয়েও এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, যুদ্ধবিরতির ঘোষণার পরদিন ৮ এপ্রিল লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১০০ জন আহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।