লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ২৫৪

বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে শতাধিক বিমান হামলা, আহত ১১০০-এর বেশি
টুইট ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান ১৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করলেও এর মধ্যেই বুধবার লেবাননজুড়ে ব্যাপক হামলা চালায় ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মাত্র ১০ মিনিটের অভিযানে ৫০টি যুদ্ধবিমান অংশ নেয় এবং লেবাননের বিভিন্ন স্থানে ১০০ বারেরও বেশি বোমাবর্ষণ করা হয়। ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলা হওয়ায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ অনেক বেশি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহত ও নিহতদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে বৈরুতসহ বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলো। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরাও বেগ পেতে হচ্ছে।
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমন করতে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে দেশটিতে সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। ২০২৫ সালের অক্টোবরে আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক যুদ্ধবিরতি হলেও তা ভেঙে আবারও সংঘাত শুরু হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর পর থেকেই লেবাননে হামলার মাত্রা বাড়ে এবং মার্চের মাঝামাঝি থেকে স্থল অভিযানও শুরু করে ইসরায়েলি বাহিনী।
এদিকে চলমান হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি থেকেও সরে আসতে পারে তেহরান।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।






