সরবরাহ চাপে দাম বাড়ার আশঙ্কা

মধ্যপ্রাচ্য সংঘাতে বৈশ্বিক সরবরাহব্যবস্থা বিপর্যস্ত, স্বীকার অর্থমন্ত্রীর
আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর সরাসরি প্রভাবে দেশে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিবহনব্যবস্থা ইতোমধ্যেই বড় ধরনের ধাক্কা খেয়েছে।
জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে, যা পুরো সরবরাহ শৃঙ্খলকে অস্থির করে দিয়েছে।
তিনি বলেন, শুধু জ্বালানি নয়,খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের ওপর এর প্রভাব পড়ছে।
ফলে আগামিদিনে বাজারে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
অর্থমন্ত্রী আরও জানান, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কমিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে দীর্ঘমেয়াদে এই চাপ সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। সরকারি তহবিলে ধারাবাহিক চাপ সৃষ্টি হলে শেষ পর্যন্ত তার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়বে বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অস্থিরতা অব্যাহত থাকলে আমদানি-নির্ভর অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের বাজারে মূল্যচাপ আরও বাড়তে পারে।
এজন্য আগাম প্রস্তুতি ও বিকল্প সরবরাহ উৎস খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।






