সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নয়, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বান; নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা জানালেন এনসিপি আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার আমন্ত্রণ ও শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “যার যার ধর্ম, সে নির্বিঘ্নে পালন করবে। যদিও পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। সেই দিনটি চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না।” তিনি বলেন, নিরাপত্তা নিয়ে আশঙ্কামুক্ত পরিবেশে সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটিই প্রত্যাশা।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, তাঁরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চান, যেখানে ধর্মীয় ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে এনসিপি সে বিষয়ে কথা বলবে বলেও জানান তিনি।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী একটি দেশের গণমাধ্যম এ ধরনের পরিস্থিতি তৈরির বিষয়ে ব্যস্ত হয়ে পড়ে। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়—এমন ব্যক্তিরা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা এ দেশেরই নাগরিক। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।