ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

আলফাডাঙ্গায় ২০২১ সালের ঘটনায় রায়; আসামিকে দুই লাখ টাকা জরিমানাও করেছেন আদালত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। পথে জলাবদ্ধ রাস্তা পার করে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে তুলে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যান আকিদুল। সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

পরে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মা ও স্বজনেরা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পুলিশ আকিদুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মামলাটি তদন্ত করেন উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তিনি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।