সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ

মাঠ, বাগান ও সংসদ প্লাজার পরিবেশ পর্যবেক্ষণ; সবুজায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শন করে পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় সংসদ ভবনসংলগ্ন এলাকার পরিবেশ, অবকাঠামোর অবস্থা এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। মাঠ ও বাগানের পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি সবুজায়ন এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
এ ছাড়া সংসদ প্লাজা ও আশপাশের যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি সংসদ প্লাজা ও সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন।






