নিহত তারেকের পরিবার পাবে ১০ লাখ টাকা

বাহরাইন থেকে মরদেহ গ্রহণ, প্রবাসীদের সুরক্ষায় সরকারের নজরদারি জোরদার।
টুইট ডেস্ক: বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের পরিবারকে মোট ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গালফ এয়ারের জিএফ-২২৫০ ফ্লাইটে তারেকের মরদেহ দেশে পৌঁছায়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক মরদেহ গ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী জানান, দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
পরবর্তীতে আরও ৩ লাখ ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া তারেকের বীমা সুবিধা অনুযায়ী পরিবারের হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিকভাবে প্রবাসীদের পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।
উল্লেখ্য, গত ২ মার্চ বাহরাইনের একটি জাহাজ নির্মাণ কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষে আহত হয়ে মারা যান তারেক আলী।
তিনি প্রায় ২৭ বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।
এই ঘটনায় আবারও মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ তৈরি হয়েছে, যদিও সরকার বলছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।






