স্পিকারের সহধর্মিণীর স্মরণে দোয়া মাহফিল

ধর্মপ্রাণ ও শিক্ষানুরাগী জীবনের স্মৃতিচারণ, দেশকল্যাণে কাজের আহ্বান।
টুইট ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় রাজধানীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গুলশানের সোসাইটি জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম। এতে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্পিকার তার সহধর্মিণীর সঙ্গে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের স্মৃতি তুলে ধরেন।
তিনি বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন ধর্মপ্রাণ, সাদাসিধে ও শিক্ষানুরাগী মানুষ,যিনি নিয়মিত ইবাদত বন্দেগিতে মনোনিবেশ করতেন।
স্পিকার মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান। একই সঙ্গে দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দিলারা হাফিজ।
১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্ম নেওয়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করেন।
কর্মজীবনে তিনি ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দোয়া মাহফিলে জাতীয় সংসদের চিফ হুইপ, বিভিন্ন সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






