হাওর রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি

জলাবদ্ধতা নিরসনে সেনা মোতায়েন ও বাঁধ অপসারণের দাবি!
টুইট ডেস্ক: সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ হাওরাঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসন এবং বোরো ফসল রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমান-এর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এ আহ্বান জানান।
চিঠিতে তিনি হাওর অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সংকটের চিত্র তুলে ধরে বলেন, একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল এ জনপদ দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে কৃষকরা সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না।
পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে করে দুর্গত এলাকা পরিদর্শনের আহ্বান জানান, যাতে বাস্তব অবস্থা সরেজমিনে মূল্যায়ন করা সম্ভব হয়।
হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে তিনটি প্রস্তাব দেন এই আইনজীবী। এগুলো হলো— প্রধানমন্ত্রীর সরাসরি পরিদর্শন, দ্রুত ও কার্যকর কাজের জন্য সেনাবাহিনী মোতায়েন এবং প্রশাসনিক কার্যক্রমে জোরদার তদারকি।
চিঠিতে তিনি উল্লেখ করেন, অতীতে খাল খনন কর্মসূচি হাওর অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলেছিল। সেই অভিজ্ঞতার আলোকে দিরাই-শাল্লাসহ ক্ষতিগ্রস্ত এলাকায় আরও ব্যাপকভাবে খাল খননের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে অপরিকল্পিত বাঁধ নির্মাণকে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসব বাঁধ পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী ও খাল খননই হতে পারে স্থায়ী সমাধান।
প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলে এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ শিশির মনির। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।






