ওয়েব সিরিজেই আলোচনায় সানজিদা তাসনিম

‘ক্যাকটাস’-এ অভিনয়ে নজর, ওটিটিতে শক্ত অবস্থান গড়ার লক্ষ্য তরুণ অভিনেত্রীর
প্রথম ওয়েব সিরিজ দিয়েই দর্শকের নজর কাড়লেন এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী সানজিদা তাসনিম।
র্যাম্প মডেলিং থেকে অভিনয়ে আসা এই তরুণ শিল্পী সম্প্রতি আলোচিত ওটিটি ধারাবাহিক ‘ক্যাকটাস’-এ অভিনয়ের মাধ্যমে নিজের সম্ভাবনার জানান দিয়েছেন।
নির্মাতা শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে তার উপস্থিতি দর্শকমহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও অভিনয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সানজিদা।
তিনি জানান, র্যাম্প তাকে আত্মবিশ্বাস দিয়েছে, তবে অভিনয় একেবারেই ভিন্ন এক চ্যালেঞ্জ। চরিত্রের আবেগ ধারণ এবং সংলাপ উপস্থাপন সবকিছুই তাকে নতুনভাবে শিখতে হয়েছে।
তার মিডিয়ায় পথচলা শুরু হয় স্কুলজীবনে, নবম শ্রেণিতে পড়ার সময় একটি টেলিভিশন চ্যানেলে নৃত্য পরিবেশনের মাধ্যমে।
এরপর একটি রিয়েলিটি প্রতিযোগিতায় অংশ নিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেন এবং সেখান থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়।
ওটিটি প্ল্যাটফর্মকে বর্তমান সময়ের বড় সুযোগ হিসেবে দেখছেন এই অভিনেত্রী। মানসম্মত কাজের মাধ্যমে ধীরে ধীরে বড় পর্দায় নিজস্ব অবস্থান গড়ে তুলতে চান তিনি।
ইতোমধ্যে একটি সরকারি অনুদানের চলচ্চিত্রেও কাজ করেছেন, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।
গত ঈদে প্রচারিত সাত পর্বের ধারাবাহিক ‘কুলিন সমাচার’-এ অংশ নিয়ে টেলিভিশন দর্শকদের মাঝেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন সানজিদা।
ছোট পর্দা ও ওটিটি ,দুই মাধ্যমেই সমানতালে কাজ করে অভিজ্ঞতা অর্জন করছেন তিনি।
সিলেটে বেড়ে ওঠা সানজিদা পরবর্তীতে ঢাকায় এসে ফ্যাশন ডিজাইনিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।
অভিনয়ে না এলে ফ্যাশন জগতেই ক্যারিয়ার গড়ার পরিকল্পনা ছিল তার। তবে এখন অভিনয়কেই সামনে রেখে এগোচ্ছেন এই তরুণ শিল্পী।
বিশ্লেষকদের মতে, সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক মানসম্পন্ন কাজ ধরে রাখতে পারলে সানজিদা তাসনিম খুব অল্প সময়েই দেশের ওটিটি অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।






