মুখ ও মুখোশ’ সিনেমার গায়িকা মাহবুবা রহমানের প্রয়াণ

দেশের প্রাচীন চলচ্চিত্র ও রেডিও জগতের অমর কণ্ঠবিদের বিদায়।
টুইট ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীত জগতের এক অমর কণ্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত মাহবুবা রহমান আর নেই।
দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশের’ গায়িকা মাহবুবা বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর।
সংগীতশিল্পী রুমানা ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই মাহবুবা রহমান অসুস্থ ছিলেন। তাঁর জানাজা শুক্রবার মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং বাদ জুমা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
১৯৩৫ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া মাহবুবা রহমান অল্প বয়সে সংগীত জগতে পা রাখেন। মাত্র ১২ বছর বয়সে ‘অল ইন্ডিয়া রেডিও’-এর ঢাকা কেন্দ্র থেকে তার গান সম্প্রচারিত হয়েছিল।
পঞ্চাশ ও সত্তরের দশকে তিনি রেডিও ও চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হন।
তিনি পল্লিগীতি এবং আধুনিক গানে পারদর্শিতা দেখিয়েছেন। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ সমর দাসের সুরে গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গান তাকে বিশেষ পরিচিতি এনে দেয়।
উল্লেখযোগ্য অন্যান্য গানগুলোর মধ্যে রয়েছে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’, ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’, ‘জাগো হুয়া সাভেরা’, ‘এ দেশ তোমার আমার’ ও বহু চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠ।
মাহবুবা রহমানের প্রয়াণে দেশের চলচ্চিত্র ও সংগীত জগত গভীর শোকাহত। তার কণ্ঠের সৌন্দর্য ও প্রভাব আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।






