প্রস্তাবে না বললে ‘কঠোর হামলা’, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি; শর্তে অনড় ইরান

ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বাড়ছে; ১৫ দফা প্রস্তাবকে ‘অযৌক্তিক’ বলছে ইরান, সরাসরি আলোচনার দাবি নাকচ
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত না হলে ইরানে আরও বড় ধরনের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে নিজেদের শর্ত থেকে একচুলও নড়ছে না তেহরান।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে আবারও প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও এখন পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হয়নি।
ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ হিসেবে দেখছে। একাধিক কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রস্তাবটির বেশ কয়েকটি শর্তকে তেহরান নিজেদের স্বার্থের পরিপন্থী মনে করছে।
এর আগে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ১৫ দফার একটি প্রস্তাব পাঠায়। এতে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিধিনিষেধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে স্থায়ীভাবে সংঘাত বন্ধের নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত শর্তে কোনো ছাড় দিতে রাজি নয় ইরান।
এদিকে হোয়াইট হাউসের বক্তব্য, প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার ‘মাশুল’ দিতে হবে তেহরানকে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজনে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।
তথ্যসূত্র: আলজাজিরা






