চাঁদ দেখা যায়নি, সৌদি আরব-এ ঈদ শুক্রবার

মধ্যপ্রাচ্যে শাওয়ালের চাঁদ না ওঠায় আরও একদিন রোজা; বাংলাদেশে শনিবার ঈদের সম্ভাবনা

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব-এ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)। ফলে দেশটির মুসল্লিরা আরও একটি রোজা পালন করবেন।

সৌদি কর্তৃপক্ষ বুধবার (১৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা কার্যক্রম শেষে এই ঘোষণা দেয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, নির্ধারিত দিনে চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশ-এ ঈদ উদযাপিত হয়। সে হিসেবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এদিকে তুরস্ক ইতোমধ্যে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর জানিয়েছে, সেখানে ঈদ পালিত হবে শনিবার (২১ মার্চ)।

সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পর্যবেক্ষণে জানা গেছে, আবুধাবির খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে তোলা ছবিতে চাঁদের অবস্থান বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, চাঁদের বয়স ও অবস্থান ঈদ ঘোষণার জন্য পর্যাপ্ত ছিল না।

এর আগে অস্ট্রেলিয়া-তেও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে।