কাতারের গ্যাসক্ষেত্রে হামলার প্রভাব

বিশ্বজুড়ে তেল-গ্যাসের দামে বড় উল্লম্ফন

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম হঠাৎ বেড়ে গেছে। কাতারের গ্যাসক্ষেত্রে হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা পদক্ষেপের পর এই অস্থিরতা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে গেছে, যা এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

হরমুজ প্রণালির গুরুত্ব

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জ্বালানির দাম আরও ব্যাপক হারে বাড়তে পারে। কারণ এই পথ দিয়েই বিশ্বে বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ হয়।

তেলবাজার বিশ্লেষক বন্দনা হরি জানান, মধ্যপ্রাচ্যের ওমান ও দুবাইয়ের অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে ১৫০ ডলার ছাড়িয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে কিছু ক্ষেত্রে তেলের দাম ২০০ ডলার ছুঁতে পারে।

ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি

ইউরোপীয় বাজারেও এর প্রভাব পড়েছে। ডাচ টিটিএফ বেঞ্চমার্ক অনুযায়ী গ্যাসের দাম একপর্যায়ে ৩৫ শতাংশ বেড়ে ৭৪ ইউরোতে পৌঁছায়।

কাতারের গ্যাসক্ষেত্রে ক্ষয়ক্ষতি

বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন কেন্দ্র রাস লাফান–এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব বিশ্ব অর্থনীতিতে আরও গভীরভাবে পড়তে পারে।