ইরান যুদ্ধ নিয়ে আরও আতঙ্কজনক বার্তা ইসরাইলি মন্ত্রীর

আরও কয়েক সপ্তাহ চলতে পারে সংঘাত, বাড়তে পারে উত্তেজনা
টুইট ডেস্ক: ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিকি জোহার।
সোমবার (১৬ মার্চ) ইসরায়েলের সংবাদমাধ্যম রেডিও ১০৩ এফএম-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের পরিস্থিতি দেখে মনে হচ্ছে উত্তেজনা আরও বাড়তে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রী বলেন, ইসরায়েল ইতোমধ্যে বুঝতে পারছে যে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই রাষ্ট্র ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংঘাত আরও কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনব্যাপী সংলাপ চললেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় অপারেশন এপিক ফিউরি।
একই সময়ে ইসরায়েলও ইরানে সামরিক অভিযান শুরু করে, যার নাম অপারেশন রোয়ারিং লায়ন। হামলার প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
এতে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।






