সাত দিনের স্বাধীনতা, বিপত্তির গল্প

ঈদুল ফিতরে পারিবারিক কমেডি নাটক ‘সাত দিন’; দাম্পত্য সম্পর্কের মজার টানাপোড়েন নিয়ে নির্মাণ।
টুইট ডেস্ক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন পারিবারিক কমেডি নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সাত দিন’, যেখানে দাম্পত্য জীবনের টানাপোড়েনকে তুলে ধরা হয়েছে হাস্যরসাত্মক ও বাস্তবধর্মী উপস্থাপনায়।
নাটকটির গল্প লিখেছেন অপূর্ণ রুবেল এবং পরিচালনা করেছেন পথিক সাধন। নির্মাতাদের মতে, সমসাময়িক পারিবারিক জীবনের নানা ছোটখাটো ঘটনার মধ্য দিয়ে নাটকটি দর্শকদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা হয়ে উঠবে।
নাটকের কেন্দ্রীয় চরিত্র রাকিবের ভূমিকায় অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন এবং তার স্ত্রী শম্পা চরিত্রে দেখা যাবে রিয়া ঘোষকে।
এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবাউয়া এশা, ইন্দ্রানী নিশি, খোরশেদা আলম নিতু, সাইফুল ইসলাম শামীম, শেখ সেলিম ও সূর্যসহ আরও অনেকে।
গল্পের কেন্দ্রে রয়েছে প্রেমের বিয়ে করা এক দম্পতির জীবন।
বিয়ের চার বছর পরও রাকিব ও শম্পার সম্পর্কে ভালোবাসা ও ঘনিষ্ঠতার কমতি নেই। তবে একসময় রাকিবের মনে হয়, নিজের মতো করে কিছু সময় কাটানো দরকার। এমন পরিস্থিতিতে শম্পা সাত দিনের জন্য বড় বোনের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়।
স্ত্রীর বিদায়ে বাইরে মন খারাপের অভিনয় করলেও ভেতরে ভেতরে রাকিব বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠে। কারণ এই সাত দিনে সে নিজের মতো ‘স্বাধীন’ জীবন কাটানোর নানা পরিকল্পনা করে। কিন্তু বাস্তবে তার সেই পরিকল্পনা একের পর এক অপ্রত্যাশিত ঘটনায় ভেস্তে যেতে থাকে।
পুরোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে তার স্বামীসহ
অপ্রস্তুত পরিস্থিতিতে পড়া, অফিস সহকর্মীর সঙ্গে বিব্রতকর মুহূর্ত, জুয়ার টেবিলে টাকা হারানো কিংবা বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেঙে যাওয়া—সব মিলিয়ে রাকিবের ‘স্বাধীন’ সাত দিন পরিণত হয় একের পর এক হাস্যকর বিপত্তিতে।
ঘটনার চূড়ান্ত পর্যায়ে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাকে পুলিশের হাতে আটকও হতে হয়। খবর পেয়ে থানায় ছুটে আসেন স্ত্রী শম্পা। এরপর কী ঘটে এবং এই সাত দিনের অভিজ্ঞতা রাকিবের দাম্পত্য জীবনে কী ধরনের পরিবর্তন আনে সেই প্রশ্নের উত্তর নিয়েই এগিয়ে যায় নাটকের মূল কাহিনি।
নির্মাতাদের প্রত্যাশা, পারিবারিক কমেডি ঘরানার এই নাটকটি ঈদের বিশেষ আয়োজনে দর্শকদের জন্য ভিন্ন স্বাদের বিনোদন হয়ে উঠবে।
নাটকটি ঈদ উপলক্ষে জি সিরিজ বাংলা নাটক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।






