নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার আইআরজিসির

যুদ্ধের উত্তেজনার মধ্যেই ইরানের কড়া হুমকি
টুইট ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, “যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে তাড়া করে হত্যা করব।”
নেতানিয়াহুর অবস্থান নিয়ে জল্পনা
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কয়েকদিন ধরে তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
গত ১২ মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও নিয়েও বিতর্ক তৈরি হয়। ভিডিওতে তার এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়। তবে পরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ক্যামেরা ও আলোর কারণে এমনটি মনে হয়েছে আসলে সেখানে পাঁচটিই আঙুল ছিল।
যুদ্ধের প্রেক্ষাপটে হুমকি
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে বিমান হামলা শুরু হওয়ার পর সেটি ছিল নেতানিয়াহুর প্রথম সংবাদ সম্মেলনের ভিডিও। সেই ভাষণে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার পরোক্ষ হুমকি দিয়েছিলেন এবং ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষে অবস্থান জানান।
তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থাকে উৎখাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
মৃত্যুর গুজব নাকচ
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়ালেও তার দপ্তর তা অস্বীকার করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর দপ্তর জানায়, “এসব ভুয়া খবর। প্রধানমন্ত্রী নিরাপদ আছেন।”
তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।






