ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা হামলার দাবি

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিলে তেল অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে-সতর্ক করলেন ট্রাম্প।

টুইট ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বড় ধরনের বোমা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে ইরানের তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।

শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা হামলা পরিচালনা করেছে এবং ইরানের তথাকথিত ‘ক্রাউন জুয়েল’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, আপাতত দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, তাহলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরে খার্গ দ্বীপকে কেন্দ্র করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে ছিল। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দ্বীপটি দখলের বিষয়টিও আলোচনায় এসেছে।

ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালনা করে বলে এক বিশ্লেষণে জানিয়েছে জেপি মরগান।

বিশেষজ্ঞরা বলছেন, ম্যানহাটনের প্রায় এক-তৃতীয়াংশ আয়তনের এই দ্বীপে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিলে দ্রুতই আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।