নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন তিথি

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যার ঘটনার পর সাইবার হয়রানি, অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ অভিনেত্রী তিথির
অভিনেতা জাহের আলভী–র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা–র আত্মহত্যাকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা বিতর্কের জেরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী তিথি। সাইবার হয়রানি, অপপ্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তিনি এই আইনি পদক্ষেপ নিয়েছেন।
অভিনেত্রীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে লক্ষ্য করে ধারাবাহিক কটূক্তি, মানহানিকর প্রচারণা ও হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি তৈরি ও প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। এসব ঘটনার কারণে তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছেন বলে জানান।
তিথি বলেন, তাঁর ব্যক্তিগত ফোনালাপ অনুমতি ছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তাঁর বাসার ঠিকানাও প্রকাশ করে দেওয়া হয়েছে, যা তাঁর নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
তিনি জানান, পুরো বিষয়টি ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট সব প্রমাণ তাদের কাছে জমা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার হয়রানি অব্যাহত থাকলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
এ প্রসঙ্গে তিথি বলেন, “আমি যদি কোনো অপরাধ করে থাকি, তার বিচার অবশ্যই আদালতের মাধ্যমেই হওয়া উচিত। কিন্তু ভিউ বা প্রচারের জন্য কোনো কনটেন্ট নির্মাতা বা সামাজিক মাধ্যমের মাধ্যমে যে সাইবার বিচার চলছে, তা আমি মেনে নেব না।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন আফরা ইভনাথ খান ইকরা। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে অভিনেতা জাহের আলভী এবং অভিনেত্রী তিথিকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন অনেক নেট ব্যবহারকারী। এসব গুঞ্জন ঘিরেই সামাজিক মাধ্যমে দুজনকে লক্ষ্য করে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে।






