সৌদি আরব থেকে মার্কিন কর্মী প্রত্যাহারের নির্দেশ

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় বাধ্যতামূলক ‘অর্ডারড ডিপারচার’ জারি যুক্তরাষ্ট্রের
বিশ্ব ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কিছু মার্কিন কর্মীকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘অর্ডারড ডিপারচার’ বা বাধ্যতামূলক প্রত্যাহার নির্দেশনার আওতায় এসব কর্মীকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। কর্মকর্তাদের মতে, এ সিদ্ধান্ত ইঙ্গিত করছে যে অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর শুরু হওয়া সংঘাতের পর প্রথমবারের মতো সৌদি আরবের ক্ষেত্রে এমন বাধ্যতামূলক প্রত্যাহার অনুমোদন করা হলো।
এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক মিশনে কর্মরত অপ্রয়োজনীয় মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তখন কোনো বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়নি।
নতুন এই নির্দেশনার বিষয়ে কথা বলা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন। কারণ, এ ধরনের সংবেদনশীল কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি তাদের নেই।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে অঞ্চলজুড়ে কূটনৈতিক নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি আরোপ করা হতে পারে।






