দমের প্রথম ঝলকেই তুমুল আলোড়ন

ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে আফরান নিশো,চঞ্চল,পূজা অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র।
টুইট ডেস্ক : ঈদুল ফিতরকে সামনে রেখে প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র দমের প্রথম ঝলক। পাহাড়ঘেরা প্রান্তরের নিস্তব্ধতা, অজানা বিপদের আভাস এবং বেঁচে থাকার মরিয়া লড়াই এই তিন উপাদান মিলিয়ে ৫৪ সেকেন্ডের ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে প্রকাশিত এই প্রথম ঝলকে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং অভিনেত্রী পূজা চেরীর ভিন্নধর্মী উপস্থিতি। শান্ত প্রকৃতির পটভূমিতে হঠাৎ ঘনিয়ে আসা বিপদের আভাস, আতঙ্কিত দৃষ্টি এবং অস্ত্রধারীদের উপস্থিতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
পুরো ভিডিও জুড়ে ক্লান্ত, রুগ্ন ও উদ্বিগ্ন এক চরিত্রে দেখা যায় আফরান নিশোকে। অন্যদিকে পূজা চেরীর মুখাভিব্যক্তিতে অনিশ্চয়তা ও ভয়ের ছাপ স্পষ্ট। আর চঞ্চল চৌধুরীর উপস্থিতিও তৈরি করেছে রহস্যময় আবহ। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন ছুড়ে দেয়,কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ।
প্রথম ঝলকের শেষ মুহূর্তে শোনা যায় একমাত্র সংলাপটি। আফরান নিশোর কণ্ঠে উচ্চারিত সেই সংলাপ,“আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ”’ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
চলচ্চিত্রটিতে ‘শাজাহান ইসলাম নূর’ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তিনি জানান, এটি মূলত বেঁচে থাকার সংগ্রামঘেরা এক আবেগঘন গল্প। তাঁর ভাষায়, এমন গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতেও সাহস ও শক্তি লাগে, যা পুরো দল মিলে দেখানোর চেষ্টা করেছে।
অভিনেত্রী পূজা চেরী জানান, তাঁর অভিনীত চরিত্রের নাম ‘রানি’। তিনি বলেন, এই চরিত্রের একাধিক স্তর রয়েছে, যার মধ্যে দৃঢ়তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পের অগ্রগতিতে রানি চরিত্রটির প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি। চিত্রনাট্যে তাঁর সঙ্গে কাজ করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম রবি। প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা,আই এবং চরকি।
‘শেষ নিশ্বাস পর্যন্ত’ ভাবনায় নির্মিত এই চলচ্চিত্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভিন্নধর্মী গল্প, শক্তিশালী অভিনয় এবং রহস্যঘেরা উপস্থাপনার কারণে চলতি বছরের ঈদে এটি দর্শকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।






