গুজব উড়িয়ে দিলেন হায়দার হোসেন

আমি সুস্থ আছি’ সামাজিক মাধ্যমে ছড়ানো মৃত্যুর ভুয়া খবরে বিব্রত জনপ্রিয় সংগীতশিল্পী।

টুইট ডেস্ক: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন।তিনি জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং এ ধরনের ভুয়া খবর ছড়ানো অনভিপ্রেত ও দুঃখজনক।

শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে মারা গেছেন এই গুণী শিল্পী। কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেজে এমন দাবি করা হয়। এমনকি কিছু সংবাদমাধ্যমের নামে ভুয়া ছবি-কার্ডও প্রচার করা হয়, যা দ্রুতই ছড়িয়ে পড়ে।

গুজব ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের ফোনে ব্যস্ত হয়ে পড়েন হায়দার হোসেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “সন্ধ্যা থেকে ফোন রাখতে পারছি না। সবাই জানতে চাইছেন আমি কেমন আছি।

আমি সুস্থ আছি, ভালো আছি। মৃত্যু নিয়ে এমন ভুয়া খবর প্রচার করা মোটেও ঠিক নয়।”এই গুজবের কারণে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। বিষয়টি স্পষ্ট করতে শেষ পর্যন্ত শিল্পী নিজেই সামনে এসে সত্যতা জানান।

তিনি মনে করেন, সামাজিক মাধ্যমে যাচাই না করেই এমন খবর ছড়িয়ে দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

উল্লেখ্য, কয়েক বছর আগে স্বাস্থ্যগত কারণে সংবাদে এসেছিলেন হায়দার হোসেন। ২০২২ সালের জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।চিকিৎসকেরা তখন তার হৃদযন্ত্রে একটি রিং বসান। পরে সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে হায়দার হোসেন একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি জনপ্রিয় ব্যান্ড উইনিং এর অন্যতম প্রতিষ্ঠাতা। পরবর্তীতে তিনি পপসম্রাট আজম খানের সঙ্গেও কাজ করার সুযোগ পান। সেই অভিজ্ঞতা তার সংগীত জীবনকে নতুন মাত্রা দেয়।

দেশাত্মবোধক ও ব্যতিক্রমী গানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘আমি ফাঁইসা গেছি’ সহ আরও অনেক শ্রোতাপ্রিয় সৃষ্টি।

বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্যের বিস্তার দিন দিন বাড়ছে। প্রিয় শিল্পীকে ঘিরে এমন গুজব কেবল বিভ্রান্তিই সৃষ্টি করে না, ভক্তদের মানসিক অস্থিরতাও বাড়িয়ে তোলে। তাই যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন।