নারী দিবসে আসছে “নারী যায় বাড়ি” ।

কোনাল–অন্তরা–মাশার কণ্ঠে নারীর চিরন্তন ঘর খোঁজার গল্প।

টুইট ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে নারীদের অনুভূতি ও জীবনের বাস্তবতা ঘিরে নির্মিত নতুন গান ‘নারী যায় বাড়ি’।

শহীদ মাহমুদ জঙ্গীর কথায় এবং পিলু খানের সুরে তৈরি গানটি গেয়েছেন এ প্রজন্মের তিন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম।

গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। আর এর অ্যানিমেশন ভিডিও নির্মাণ করেছেন মীর হিশাম ও সারাফ চিশতী। আগামী ৮ মার্চ নারী দিবসে গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস।

গানটির মূল ভাবনা সম্পর্কে গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, নারীরা সারাজীবন যেন একটি নিজের ঘরের খোঁজে পথ চলে। কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, আবার কখনো ছেলের ঘর,কিন্তু নিজের নামে একটি ঘর কি তারা সত্যিই খুঁজে পায়? সেই চিরন্তন প্রশ্ন থেকেই গানটির ভাবনা এসেছে।

সুরকার পিলু খান জানান, দীর্ঘ চার দশকের সংগীতযাত্রায় শহীদ মাহমুদ জঙ্গীর সঙ্গে তিনি নানা বিষয়ভিত্তিক গান তৈরি করেছেন।

এবার সেই ধারায় নারীর জীবনের বাস্তবতা ও অনুভূতির একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। তার বিশ্বাস, গানটি শ্রোতাদের মনে সাড়া জাগাবে।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনালও। তিনি বলেন, জঙ্গী ও পিলু খানের মতো কিংবদন্তি দুই সংগীতস্রষ্টার সঙ্গে কাজ করা তার সংগীতজীবনের বড় প্রাপ্তি।

জানা গেছে, ৮ মার্চ থেকে ‘ “নারী যায় বাড়ি” গানটি বিশ্বের বিভিন্ন অডিও স্ট্রিমিং মাধ্যমে শোনা যাবে। একই সঙ্গে গানটির অ্যানিমেশন ভিডিও প্রকাশ করা হবে।