এল মেনচোর হত্যার পর মেক্সিকোতে ভয়াবহ সহিংসতা

২০টির বেশি রাজ্যে ২৫০টিরও বেশি সড়ক অবরোধ, আগুন-গোলাগুলি ও বিমানবন্দরে বিশৃঙ্খলা।
টু্ইট প্রতিবেদক: মেক্সিকোর সবচেয়ে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ‘এল মেনচো’ ওসেগুয়েরা সার্ভান্তেসকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে নিহত হবার ২৪ ঘণ্টার মধ্যে দেশটির রাস্তাঘাট এবং সামাজিক জীবন নরকে পরিণত হয়েছে।
জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের (সিজেএনজি) প্রতিশোধমূলক হামলায় ২০টির বেশি রাজ্যে ২৫০টিরও বেশি সড়ক অবরোধ, গাড়ি-বাস পুড়িয়ে আগুন, দোকান-বাড়িতে আগুন, বিস্ফোরণ এবং গোলাগুলি ছড়িয়ে পড়েছে। সেখানে বাংলাদেশ সময়ে রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত ছড়িয়ে পড়ে সহিংসতা।
মেক্সিকান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জালিস্কোর তাপালপা শহরে সেনাবাহিনী এল মেনচোকে আটক করতে অভিযান চালায়। ৫৯ বছর বয়সী এল মেনচো সামরিক বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে মেক্সিকো সিটিতে চিকিৎসার পথে মৃত্যু হয়।
অভিযানে আরও চারজন কার্টেল সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে এবং এল মেনচোর মাথার জন্য ১৫০ লাখ ডলার পুরস্কারের ঘোষণা করেছিল।
নিহতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সিজেএনজি সদস্যরা তীব্র প্রতিশোধমূলক হামলা শুরু করে। রয়টার্স, সিএনএন, বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জালিস্কো, মিচোয়াকান, গুয়েরেরো, নুভো লিয়ন ও তামাউলিপাসসহ একাধিক রাজ্যে বাস ও ট্রাক পুড়িয়ে সড়ক অবরোধ করা হয়েছে। পুয়ের্তো ভাল্লার্তা, গুয়াদালাজারা, জাপোপানসহ পর্যটন এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে জ্বলন্ত যানবাহন ও ধোঁয়ায় ঢাকা রাস্তা।
সড়ক অবরোধ ও সহিংসতার কারণে বিমান চলাচলও বিপর্যস্ত হয়েছে। গুয়াদালাজারা ও পুয়ের্তো ভাল্লার্তা বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল হয়েছে, কয়েকটি মাঝপথে ফিরে এসেছে। ইউনাইটেড, আমেরিকান, সাউথওয়েস্ট, আলাস্কা, ডেল্টা, এয়ার কানাডা ও ওয়েস্টজেটসহ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ফ্লাইট স্থগিত হয়েছে। কানাডিয়ান এয়ারলাইন্স পুয়ের্তো ভাল্লার্তায় সব ফ্লাইট বাতিল করেছে।
যুক্তরাষ্ট্র ও কানাডা নাগরিকদের ‘শেল্টার ইন প্লেস’ (নিরাপদ স্থানে অবস্থান) করতে সতর্ক করেছে। মেক্সিকো সরকার জানিয়েছে, সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে পরিস্থিতি এখনো ‘কোড রেড’-এ রয়েছে। কয়েকটি রাজ্যে স্কুল-কলেজ ও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে।
এল মেনচোর নেতৃত্বে সিজেএনজি মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী ও বর্বর কার্টেল হিসেবে পরিচিত ছিল। ফেন্টানিল চোরাচালান, গণহত্যা এবং রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের কারণে তাদের কুখ্যাতি রয়েছে। মেক্সিকো সরকার ও যুক্তরাষ্ট্র এ হত্যাকে বড় বিজয় হিসেবে দেখলেও, কার্টেলের প্রতিশোধমূলক হামলা দেশজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।







