এপস্টেইন ফাইল নিয়ে ক্ষোভ প্রকাশ কঙ্গনার

টুইট ডেস্ক: আলোচিত এপস্টেইন ফাইলস ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে তোলপাড় চলছে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিতে উঠে আসা প্রভাবশালী ব্যক্তিদের অন্ধকার জগতের তথ্য দেখে এবার তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে কঙ্গনা তার মনের ক্ষোভ উগরে দেন। এপস্টেইন ফাইলে বর্ণিত তথ্যগুলোকে বিরক্তিকর আখ্যা দিয়ে তিনি লেখেন, ‘এপস্টেইন ফাইলস সম্পর্কে পড়া এবং জানা সত্যিই খুব যন্ত্রণাদায়ক। অপরাধ সবখানেই ঘটে, কিন্তু এখানে অপরাধকে যেভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তাতে মনে হচ্ছে এটা যেন কোনো ফ্যাশন।
শৈশবের আইকনদের এমন জঘন্য কর্মকাণ্ডে হতাশ প্রকাশ করে কঙ্গনা বলেন, ‘ছোটবেলা থেকে আমরা যাদের আদর্শ মেনেছি- সেই সব সংগীতশিল্পী, অভিনেতা, রাজনীতিবিদ ও পরিচালকরা কীভাবে অল্পবয়সী নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাত, তা ভাবলে গা শিউরে ওঠে। বিখ্যাত ও ক্ষমতাশীল ব্যক্তিদের নিয়ে আমার ধারণা পুরোপুরি বদলে গেছে।’
বিশ্বের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি খুব হতাশ। ভবিষ্যৎ নিয়ে কোনো আশা খুঁজে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত, ভারতের কৃষ্টি-কালচার, মূল্যবোধ এবং সনাতন ধর্মই হলো সেই সমাধান, যা আজ সারা বিশ্ব খুঁজছে।
তার কথায়, ‘আমাদের পুরাণের সুর-অসুর আর দেবতা-রাক্ষসের গল্পগুলো আজ যেন জীবন্ত হয়ে উঠেছে। এখন মানুষকে বেছে নিতে হবে তারা ঈশ্বরের পক্ষে থাকবে নাকি দানবদের।






