যাত্রাবাড়ীর ককটেল বিস্ফোরণ মামলায় কারাগারে ডরিন

তিন দিনের রিমান্ড শেষে জামিন নামঞ্জুর, ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়।

টুইট প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। একই সঙ্গে ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানালে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশ জানতে পারে, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত পায়। পরে সেখান থেকে লাল টেপে মোড়ানো কৌটার পোড়া অংশ, কৌটার অন্যান্য অংশ, একটি ছোট টিনের টুকরা, ১২টি তারকাঁটা এবং একটি ছোট কাচের টুকরা জব্দ করা হয়।

এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৬ নভেম্বর ভোররাত আড়াইটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিন দিনের রিমান্ড শেষে রোববার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।