নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নয়, জানালেন তথ্য উপদেষ্টা

অনলাইন সংবাদমাধ্যম পরিচালনায় নিবন্ধন বাধ্যতামূলক করার কথা জানালেন জাহেদ উর রহমান; শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাও নাকচ।

টুইট প্রতিবেদক: নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, সরকার সাংবাদিকতা সহজ করতে চায়। তবে যে কেউ ইচ্ছা করলেই অনলাইন সংবাদমাধ্যম খুলতে পারবেন না। এ ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার সাংবাদিকতাকে স্বাধীন ও সহজ করতে চায়। তবে ইচ্ছা করলেই কেউ একটি অনলাইন সংবাদমাধ্যম খুলতে পারবেন না। নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে, কিন্তু নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করার সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, ‘প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না।’

আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক অবস্থার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ এখন ফেসবুকে আছে, আর কোথাও নেই। তাঁর অভিযোগ, দলটির ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয়ে দেশে অবস্থানরত পলাতক নন এমন নেতাকর্মীদেরও বিপদের মুখে ফেলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আগুন-সন্ত্রাসে জড়িতদের খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাঁদের গ্রেপ্তার করা হবে।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়ে উপদেষ্টা বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবাধ তথ্যপ্রবাহ এবং নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি।

জনগণই সব ক্ষমতার উৎস। ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। আবারও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

তথ্য অধিকার আইনের ব্যবহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরুণ শিক্ষার্থীদের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকেরা অনুষ্ঠানে অংশ নেন।