মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সক্রিয় সদস্য ড্যান্ডি রাসেল গ্রেপ্তার

ছিনতাই ও মাদকসহ আট মামলার আসামি, রয়েছে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা।
টুইট প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত পাটালি গ্রুপের সক্রিয় সদস্য মো. রাসেল ওরফে ড্যান্ডি রাসেলকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছিনতাই, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে আটটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর থানার রায়েরবাজার রহিম ব্যাপারি ঘাটের ঢাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার বোটঘাট ও রহিম ব্যাপারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) মো. আক্কেল আলী ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। অভিযানের একপর্যায়ে পাটালি গ্রুপের সক্রিয় সদস্য রাসেলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল ভোলা জেলার দুলারহাট থানার নুরাবাদ, কুসুমবাগ এলাকার মো. কাশেম মিস্ত্রি ও আলেয়া বেগমের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট বস্তিতে বসবাস করতেন।
ওসি আব্দুল হালিম জানান, রাসেলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনে মোট আটটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে তিনটি সাধারণ নিবন্ধনভুক্ত (জিআর) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






