গোপালগঞ্জে অস্ত্র ও লগি-বৈঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

ডিসি অফিস মোড়ে অবস্থান, আলোচনার মাধ্যমে মিছিলকারীদের সরিয়ে দেয় বিজিবি।

নিজস্ব প্রতিবেদক: লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে রামদা, চাপাতি, ছোরাসহ ধারালো অস্ত্র, লগি-বৈঠা ও লাঠিসোঁটা নিয়ে মিছিল ও শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের বিভিন্ন সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র, লগি-বৈঠা ও কাঠের লাঠিসোঁটা দেখা গেছে। মিছিলের সঙ্গে মোটরসাইকেল শোডাউনও ছিল। জাতীয় পতাকা হাতে কয়েকজন নারীকে মিছিলের সামনের অংশে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) মোড়ে অবস্থান নিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবির একটি টহলদল।

গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খানের নেতৃত্বে সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে যোগাযোগ ও আলোচনার মাধ্যমে অবস্থানকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা।

বিজিবির হস্তক্ষেপে বড় ধরনের সংঘাত ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বিজিবির টহল এবং সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে এর আগেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্র: আমারদেশ