আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব না নিলে গণতন্ত্র হুমকিতে পড়বে: রিজভী

অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনার দাবি, ১ ডিসেম্বরের সমাবেশ সফল করতে বিএনপির প্রস্তুতি।
টুইট প্রতিবেদক: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোর।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় দুষ্কৃতকারীরা অবৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের পাশাপাশি অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, পাড়া-মহল্লায় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীরাও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছেন। তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও তৎপর হতে হবে।
এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
আগামী ১ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতি প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নিজ নিজ উদ্যোগে প্রস্তুতি নিচ্ছে।
সমাবেশ সফল করতে নেতাকর্মী ও ঢাকাবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে। পেশাজীবী সংগঠনগুলোও কর্মসূচি সফল করতে কাজ করছে।
তিনি জানান, রোববার পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তবে বৈঠকের আগেই সংগঠনগুলোর নেতারা সমাবেশ সফল করার কার্যক্রম শুরু করেছেন।
মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতিতে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। বিজয় দিবস সারা জাতির পাশাপাশি বিএনপির কাছেও বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।






