অন্যায়ভাবে বাতিল হয়েছিল জামায়াতের নিবন্ধন: শফিকুর রহমান

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান; বিচার বিভাগের স্বাধীনতা, দ্রব্যমূল্য ও পোশাকশিল্পের সংকট নিয়েও সমালোচন

টুইট প্রতিবেদক: রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সাড়ে ১৫ বছর ধরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি নেতাকর্মীরা। শেষ পর্যায়ে দলটিকে নিষিদ্ধও ঘোষণা করা হয়েছিল। তবে জনগণের আন্দোলনের মুখে চার দিনের মাথায় তৎকালীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, জনগণের গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালনা করলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হবে। এতে দেশ উপকৃত হবে না; বরং অতীতের ফ্যাসিবাদী শক্তিগুলো আবার সুযোগ পেতে পারে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমস্যা সরকার তৈরি করেছে, তাই সমাধানের উদ্যোগও সরকারকেই নিতে হবে। জনগণের গণরায় বাস্তবায়ন করা হলে নতুন করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রয়োজন হবে না।

নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, নির্বাচনের পরদিন থেকেই বর্তমান সরকারি দল তাদের অবস্থান পরিবর্তন করেছে। জাতির সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে না এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।

তিনি বলেন, অতীতের সরকারগুলোর সময় জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অন্যায় ও মিথ্যা মামলার মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তারা মনে করেন। দলটির ১২ জন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা ও নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি জানান, তাঁদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। কেউ ফাঁসিতে এবং কেউ কারাগারে অবহেলা, অযত্ন ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন বলে অভিযোগ করেন তিনি।

বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন

শফিকুর রহমান বলেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত বিচার বিভাগের স্বাধীন সচিবালয় বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে। এর জনবল প্রত্যাহার ও কার্যক্রম বন্ধের ঘটনাকে তিনি জাতির সঙ্গে করা প্রতিশ্রুতির লঙ্ঘন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা থাকলেও এখন সংবিধান সংশোধনের পথে হাঁটা হচ্ছে। সংস্কার ও সংশোধনের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে সংস্কার হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে তা আদালতে চ্যালেঞ্জের মুখে না পড়ে।

দলীয়করণ ও দ্রব্যমূল্য নিয়ে সমালোচনা

অতীতের রাজনৈতিক ধারায় ফিরে না গিয়ে মেধাভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে জামায়াত আমির বলেন, সরকারি বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনের কথা থাকলেও বাস্তবে দলীয় নেতা-কর্মীদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, সংসদে পণ্যের দামের তালিকা তুলে ধরা হলেও গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির তুলনামূলক চিত্র সামনে আনা হচ্ছে না। তাঁর অভিযোগ, বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।

দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতির পেছনে দুর্নীতিগ্রস্ত সমাজব্যবস্থার বড় ভূমিকা রয়েছে। সব দায় অতীতের সরকার কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ওপর চাপিয়ে বর্তমান সরকারের দায় এড়ানোর সুযোগ নেই।

পোশাকশিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষার আহ্বান

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও শ্রমিক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিল্প খাতের অস্থিরতার কারণে শ্রমিকেরা তাঁদের দাবি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন।

তিনি বলেন, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আবার শ্রমিক বাঁচলেও শিল্প বাঁচবে। এ দুটি বিষয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই শিল্পের সক্ষমতা রক্ষা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের রপ্তানি খাতের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, তৈরি পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত হলেও কাঁচামাল, যন্ত্রপাতি ও বিভিন্ন উপকরণের জন্য বিদেশের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়। তাঁর দাবি, এ খাতের উপকরণের সর্বোচ্চ ১০ শতাংশ দেশীয় এবং বাকি ৯০ শতাংশ আমদানিনির্ভর।

পোশাকশিল্প নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, প্রতিবেশী কয়েকটি দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের এ শিল্প নিয়ে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। এ পরিস্থিতিতে শিল্পটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।