রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ, একটি বিস্ফোরিত; হামলাকারীদের শনাক্তে তদন্ত কমিটি, গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা।

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে।

এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে প্রশাসন।

ঘটনার খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সাড়ে ১২টার দিকে তিনি পবা উপজেলার পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব মহলকে নিয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভূমি অফিসে জনগণের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ড ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, অসৎ উদ্দেশ্যে কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য কেউ কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ ধরনের প্রবণতা খুব বেশি নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোতে নাইট গার্ড মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। সার্বিক নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর এবং পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় আজ রাতে উপজেলা ভূমি অফিসেও হামলা হয়েছে। নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে, দুটি বিস্ফোরিত হয়নি। নাইট গার্ড ও অন্যান্য নিরাপত্তাকর্মী সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন।

ইউএনও বলেন, সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয়। তাই কোথাও কোনো দুর্বৃত্তের সন্ধান পাওয়া গেলে জনগণকে সতর্ক থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পবা উপজেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে।

সূত্র: জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, পবা।