ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে আগুন, আটক ২

সন্দেহজনক গতিবিধির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর, পরে মোটরসাইকেলটিতে আগুন দেয় উত্তেজিত জনতা।
টুইট প্রতিবেদক: শরীয়তপুর জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরার সময় দুই ব্যক্তিকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার দাসার্ত্তা এলাকার মৃত আজাহার ফকিরের ছেলে আল আমিন (২৮) এবং একই এলাকার শাজাহান বন্দুকসীর ছেলে সাগর বন্দুকসী।
জেলা ছাত্রদলের সদস্য মাহাতাব মোর্শেদ মিহির জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা সতর্ক অবস্থানে ছিলেন। এ সময় চৌরঙ্গী মোড়ে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ভুলুর ব্যবহৃত একটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন তাঁরা।
তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পরিচয় ও সেখানে আসার কারণ জানতে চান ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তাঁরা বিষয়টি এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আটক আল আমিন ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান ভুলুর সহযোগী। তাঁর বিরুদ্ধে আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আটক অপর ব্যক্তি আল আমিনের সহযোগী। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, আটকের পর দুই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় গিয়েছিলেন। ঘটনাস্থলের পাশ থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






